জামায়াত ও 'বিদ্রোহী' নিয়ে বিপাকে বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম হাওলাদারকে সমর্থন দেওয়া হয়। বিএনপির দুর্গ বলে খ্যাত রায়পুরে দলের সমর্থন পেয়েও তিনি চিন্তিত। কারণ, দলের আরেক নেতা বদরুল আলাম জিন্নাহ ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর রায়পুর উপজেলার আমির হাবিবুর রহমানও নির্বাচন করছেন।
অপর দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারও স্বস্তিতে নেই। কারণ, উপজেলা আওয়ামী লীগের কিছু জ্যেষ্ঠ নেতা তাঁর পক্ষে এখনো মাঠে নামেননি। অনেক নেতা-কর্মী গোপনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করছেন। রায়পুরে ভোট পঞ্চম ধাপে ৩১ মার্চ।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনকে একক প্রার্থী করা হয়। আলতাফ হোসেন বলেন, ‘দল যোগ্য মনে করে আমাকে সমর্থন দিয়েছে। দলের বৃহৎ স্বার্থে সব নেতা-কর্মী মান-অভিমান ভুলে কেন্দ্রের নির্দেশমতো একযোগে কাজ করছেন।’
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের আগে প্রার্থী নির্বাচন নিয়ে বিএনপিতে একাধিকবার বৈঠক হয়। সমঝোতা ছাড়াই বৈঠকগুলো শেষ হয়। পরে দল উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলামকে চেয়ারম্যান পদে সমর্থন দেয়। কিন্তু এ সমর্থন মেনে নেননি যুগ্ম আহ্বায়ক বদরুল আলম। দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে নির্বাচনে অংশ নেওয়ায় ২০ মার্চ তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
অপর দিকে জোটের মধ্যেও কোনো সমঝোতা হয়নি। জামায়াতে ইসলামী থেকেও চেয়ারম্যান পদে একজন প্রার্থী হন। দুই ভাইস চেয়ারম্যান পদেও জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে।
বদরুল আলম বলেন, ‘প্রার্থী সমর্থনে দলের তৃণমূল নেতা-কর্মীদের মতের প্রতিফলন ঘটেনি। এ জন্য স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর অনুরোধে নির্বাচন করছি। আর গঠনতন্ত্র মোতাবেক আমাকে বহিষ্কার করা হয়নি।’
বিএনপি-সমর্থিত প্রার্থী মনিরুল ইসলাম হাওলাদর বলেন, ‘দুই যুগ ধরে বিএনপির সভাপতি পদে থেকে জনগণের খেদমত করেছি। উপজেলার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করতে জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।’