জামায়াত-কর্মীকে থানা থেকে ছাড়াতে গিয়ে কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের কর্মীকে ছাড়াতে থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, জামায়াত-শিবিরের কর্মীরা বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাইকপাড়া এলাকায় ‘দাফন কাফন কমিটি’ নামের একটি সংগঠনের কার্যালয়ে গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে কাউন্সিলর আলমগীর হোসেন আটক জামায়াত-কর্মী সুলতান খানকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় তদবির করতে আসেন। তিনি সুলতানকে ছেড়ে দেওয়ার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। পরে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, কাউন্সিলর আলমগীরকে বিদ্যুতের বিল ফাঁকির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।এদিকে গত সোমবার পুলিশের ওপর শিবিরের হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার শিবিরের নেতা মনির হোসেনকে নগরের শহীদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বুধবার রাতে রূপগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে আরও পাঁচজনকে। এ নিয়ে নারায়ণগঞ্জে জেলা জামায়াতের আমির মাঈন উদ্দিনসহ জামায়াত-শিবিরের ৭৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।গত সোমবার নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট এলাকায় শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ওসির পিকআপভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান দুটি মামলা করেন।মানিকগঞ্জে শিবিরের নেতা গ্রেপ্তারমানিকগঞ্জ প্রতিনিধি জানান, ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে ঘিওর উপজেলার পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘিওর থানা সূত্র জানায়, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের বিচারকাজ বিঘ্নিত করতে দেশব্যাপী তাণ্ডব চালাচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বুধবার দিবাগত রাত দুইটার দিকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, নূরুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।