জামায়াত কর্মীর তথ্যে অস্ত্র উদ্ধার
পাবনার দোগাছি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও জামায়াতের কর্মী ওয়ারেস আলীর দেওয়া তথ্যের সূত্র ধরে গতকাল মঙ্গলবার অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের রাজাপুর এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে এসব উদ্ধার করা হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানের ওপর হামলার ঘটনায় ওয়ারেস গ্রেপ্তার হন। পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, ওয়ারেসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলাসহ হরতাল-অবরোধে বৃক্ষ নিধন, ভাঙচুর ও নাশকতা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন।
ওই তথ্যর ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে ওয়ারেসকে নিয়ে পৌর সদরের রাজাপুর এলাকার ক্যালিকো কটন কারখানার একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালানো হয়। এ সময় ভবনে লুকিয়ে রাখা একটি দেশি পাইপগান, চারটি গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
৫ মার্চ বিকেলে শিক্ষক মুশফিকুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে প্রধান ফটকে গেলে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।