জামায়াত-ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় গত দুই দিনে অভিযান চালিয়ে জামায়াতের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রংপুরের কারমাইকেল কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় গতকাল সোমবার ভোরে ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সৈয়দপুর (নীলফামারী): পুলিশের ভাষ্যমতে, সৈয়দপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক গোলাম সারোয়ার শহরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। শহরের বাঁশবাড়ী মহল্লায় তাঁর বাসভবনে এক সপ্তাহ ধরে অপরিচিত লোকজনের আসা-যাওয়া লক্ষ করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার গভীর রাতে গোলাম সারোয়ারের বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।পঞ্চগড়: গত রোববার রাতে আটোয়ারী উপজেলার বড়দাপ (কোনপাড়া) গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মো. গোলাম মোর্শেদ নামে এক জামায়াতের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামায়াতের রাধানগর ইউনিয়ন শাখার সভাপতি ও রাধানগর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।আটোয়ারী থানার ওসি মো. মজনুর রহমান বলেন, তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল পঞ্চগড় কারাগারে পাঠানো হয়েছে।মুন্সিগঞ্জ: নাশকতার আশঙ্কায় গত রোববার গভীর রাতে জামায়াতের দুই নেতাকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ফিরোজ সরকার ও জামায়াতের পৌর কমিটির প্রচার সম্পাদক আবদুর রশীদ।সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা থেকে গতকাল ভোরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার করা ওই তিনজন জামায়াতের নেতা-সমর্থক। সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় তাঁদের ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির ও স্থানীয় কাছারি বাজার মসজিদের খতিব মো. ওমর ফারুক, জামায়াতের সমর্থক জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আমির হোসেন ও সেনেরহুদা গ্রামের শরীফ উদ্দীন।আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বলেন, গত রোববার রাতে জামায়াতের নেতা-কর্মীরা দলীয় সভা করেছে। পরে ওমর ফারুককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক বলেন, ওমর ফারুক আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির হলেও বর্তমানে দলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। এ ছাড়া জীবননগরে গ্রেপ্তার হওয়া দুজন জামায়াত-সমর্থক কি না, এ বিষয়ে তাঁর জানা নেই।রংপুর: শহরের কারমাইকেল কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসকে হত্যার হুমকি ও তাঁর বাসভবনের বাইরে বোমার বিস্ফোরণ ঘটানোর ঘটনায় করা মামলায় কলেজের কাছের একটি ছাত্রাবাস থেকে গতকাল ভোরে চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার রফিকুল ইসলাম, জলঢাকা উপজেলার মোস্তাফিজুর রহমান ও এনামুল এবং পঞ্চগড়ের হাসানুজ্জামান। তাঁরা সবাই কারমাইকেল কলেজের ছাত্র।কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।