জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহমঞ্চদ এরশাদ বলেছেন, বাংলাদেশ এখন মুমূর্ষু অবস্থায় আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) আছে। দেশকে বাঁচাতে হলে যারা ইসলাম ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে কথা বলছে, তাদের ধ্বংস করতে হবে। জামায়াত ছাড়া যত ইসলামি দল আছে, তাদের একত্রিত হয়ে ইসলাম রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে গতকাল শনিবার বেলা আড়াইটায় সমবেত মুসল্লিদের উদ্দেশে এরশাদ এসব কথা বলেন। প্রায় ৩০ মিনিটের বক্তৃতায় এরশাদ বলেন, ‘আপনারা যাঁরা ইসলাম ধর্ম নিয়ে জন্ম গ্রহণ করে ইসলামের সমালোচনা করেন, তাঁরা ইসলাম ধর্ম পরিহার করে অন্য ধর্ম গ্রহণ করে ইসলামের সমালোচনা করুন।’ তিনি বলেন, ‘এত দিন চুপ করে বসে ছিলাম। আর বসে থাকার সময় নেই।’ সরকারের উদ্দেশে বলেন, ‘আর মানুষ হত্যা করবেন না। মানুষ মেরে চিরদিন ক্ষমতায় থাকা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন মসজিদের বিদ্যুৎবিল মওকুফ করে দিয়েছিলাম। আবার যদি কোনো দিন ক্ষমতায় আসি, তাহলে মসজিদ ও মন্দিরে বিদ্যুৎ ও পানির বিল দিতে হবে না।’ সমাবেশে নেছারাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমানও বক্তব্য দেন। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মো. মজিদ আলী এ সময় উপস্থিত ছিলেন। দুপুরের খাবার শেষে তিনি বিকেল চারটায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।