জামায়াত ছাড়া বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জামায়াত ছাড়া ১৮-দলীয় জোটের সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে পুলিশ জামায়াতের নেতা-কর্মী ছাড়া সমাবেশ করার পরামর্শ দিলে বিএনপির নেতারা তা মেনে সমাবেশ করেন।
বেলা সাড়ে তিনটায় নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ শুরুর সময় পুলিশের একটি বিশেষ দল সমাবেশে জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মীকে না রাখতে পরামর্শ দেয়। উপস্থিত বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা পরামর্শমতো সমাবেশ করবেন বলে পুলিশকে আশ্বস্ত করেন। বেলা সাড়ে তিনটা থেকে প্রায় এক ঘণ্টা স্থায়ী সমাবেশে নেতা ও কর্মী-সমর্থকদের সারিতে জামায়াত-শিবিরের কেউ ছিলেন না বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেন।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের, মহানগরের জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি বদরুজ্জামান, জেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ, সিলেট জেলা লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান, এলডিপির কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান, খেলাফত মজলিসের নেতা আবদুল হান্নান প্রমুখ বক্তব্য দেন।
জামায়াত-শিবির ছাড়া ১৮ দলের সমাবেশ হয়েছে বলে স্বীকার করেন আজমল বক্ত চৌধুরী। তবে কারণ সম্পর্কে প্রথম আলোকে তিনি বলেন, কারও নির্দেশ বা পরামর্শে নয়, জামায়াত-শিবিরের নেতারা পুলিশি ধরপাকড়ের মুখে রয়েছেন। এ কারণে সমাবেশে উপস্থিত ছিলেন না। তবে কর্মী-সমর্থকেরা ছিলেন।