জামায়াত জঙ্গিবাদ ও দুর্বৃত্তায়নের দল: নাসিম
জামায়াতে ইসলামীকে জঙ্গিবাদ ও দুর্বৃত্তায়নের দল আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে কি না, তা ভেবে দেখার সময় এসেছে। এ দেশের মাটিতে জামায়াত রাজনীতি করবে কি না, সে বিষয়ে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন ও জনগণকে এখনই ভেবে দেখতে হবে।’ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে জনতার প্রত্যাশা আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার ও সংসদীয় গণতন্ত্রকে অকার্যকরের ব্যর্থ চেষ্টা—বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বলেন, এ রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না।এফবিসিসিআইয়ের নিন্দা: গতকাল মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্রশিবিরের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই দেশের ব্যবসায়ীদের স্বার্থে এই নৈরাজ্যকর পরিস্থিতি কোনোভাবেই সমর্থন করে না।এদিকে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায়।