লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নেই। আওয়ামী লীগ কেন প্রার্থী দেয়নি—এ নিয়ে রয়েছে নানা আলোচনা। দলটির নেতারা বলছেন, জামায়াতের প্রার্থী ঠেকাতে তাঁরা প্রার্থী না দিয়ে ‘ভিন্ন কৌশল’ নিয়েছেন।
দলীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের অনেক স্থানীয় নেতা নাগরিক কমিটির প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীকে সমর্থন দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতা তাঁর পক্ষে পথসভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন। যদিও দলের একটি অংশ এখনো নিষ্ক্রিয়। প্রসঙ্গত, জিয়াউল হক চৌধুরী উপজেলা এলডিপির সভাপতি। তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জান মো. সিকদার বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান। আমাদের দলীয় কোনো প্রার্থী নেই। তবে বিএনপি-জামায়াতকে তো ভোট দিতে পারি না।’
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘জিয়াউল হক চৌধুরী আমাদের দলের নন। তবে সম্প্রতি চুনতিতে জামায়াত-শিবিরের রাজনৈতিক সহিংসতা চলাকালে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এতে বোঝা যায়, আমাদের নৈতিক সমর্থন কোন দিকে থাকবে।’
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ বলেন, ‘জামায়াত ঠেকাতে আওয়ামী লীগ এবার প্রার্থী দেয়নি। তাই নাগরিক কমিটির প্রার্থীর পক্ষেই আমাদের অবস্থান।’
এদিকে জিয়াউল হক চৌধুরীর দাবি, জেলা আওয়ামী লীগ থেকে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘জামায়াত ঠেকাতে প্রার্থী না দিয়ে আমাদের একটু ভিন্ন কৌশল নিতে হয়েছে।’ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা বৈঠক করে জেলার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেব। যাতে কোনো মতবিরোধ না থাকে।’
উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী হলেন, বিএনপি-সমর্থিত মোয়াজ্জেম হোসেন ও জামায়াত-সমর্থিত ফরিদ উদ্দিন খান।