জামায়াত নিষিদ্ধ করতে চলতি অধিবেশনেই আইন আনার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের জন্য সংসদে দ্রুত আইন আনার প্রস্তাব করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।
মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী দল। তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। আইনমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন যে এই অধিবেশনে জামায়াত নিষিদ্ধ করার জন্য আইন আসবে। আমি আশা করব, দ্রুতই সেই আইন সংসদে উত্থাপিত হবে।’
শর্ত পূরণ না করায় এরই মধ্যে হাইকোর্টের আদেশে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে যায়। ফলে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়ে দলটি। ওই আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল বিভাগে গেলেও এখনো শুনানি শুরু হয়নি।
আইনমন্ত্রী আনিসুল হক গত মাসে সাংবাদিকদের জানান, আইন সংশোধনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
সংসদে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উৎসব ভাতার জন্য বরাদ্দের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সামনে ঈদ। সবাই ঈদ বোনাস পাবে। কিন্তু মুক্তিযোদ্ধারা পাচ্ছেন না। বৈশাখী ভাতাও দেওয়া হচ্ছে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের আরেকটি বড় দাবি ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই দুই দিন তাঁদের জন্য বিশেষ ভাতা চালু করতে হবে।
মন্ত্রী বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি চার হাজার টাকা করে ঈদ বোনাস ও দুই হাজার টাকা বৈশাখী ভাতা এবং স্বাধীনতা ও বিজয় দিবসে পাঁচ হাজার টাকা করে ভাতা দিলে বছরে মাত্র ৪০০ কোটি টাকার প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে এই অর্থ বরাদ্দের জন্য অনুরোধ করব।’
মন্ত্রী বলেন, ‘আমরা এ বছর সমস্ত মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় দেশের অভ্যন্তরে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করব।’
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় না উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, অনেক জায়গায় মাঠ নেই অজুহাত দেখিয়ে জাতীয় সংগীত গাওয়া হয় না। জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। চাইলে শ্রেণিকক্ষেও জাতীয় সংগীত গাওয়া যায়।
মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রসঙ্গে তিনি বলেন, অনলাইনে অল্প দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধাদের এমন আইডি কার্ড দেওয়া হবে, যাতে আট ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকবে। টাকা জাল করা যাবে কিন্তু এই কার্ড জাল করা যাবে না।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর ৯৩ ভাগ পানির উৎস বাংলাদেশের বাইরে। এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এ ক্ষেত্রে আমাদের আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।’
বাজেট আলোচনায় আরও বক্তৃতা করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বি এম মোজাম্মেল হক প্রমুখ।