একাত্তরে মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ও এর সব অঙ্গসংগঠনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। এতে সংশ্লিষ্ট দল ও সংগঠনগুলো নিষিদ্ধ করার আরজি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার এই প্রতিবেদন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে দাখিল করা হবে।
তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতে ইসলামী ও এর তত্কালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ, সহযোগী সংগঠন শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী এবং দলীয় মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।
ট্রাইব্যুনাল আইনের সাতটি ধারায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন ভঙ্গ প্রভৃতি। ৩৭৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর কেন্দ্র থেকে সব স্তরের নেতাদের অভিযুক্ত করে তাঁদের নিষিদ্ধ করার আরজি জানানো হয়েছে। সাক্ষী রাখা হয়েছে ৭০ জন।