জামায়াত নিষিদ্ধ না হলে আরেকটি মুক্তিযুদ্ধের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হলে আরও একটি মুক্তিযুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিচতলার সেমিনার কক্ষে ‘সাম্প্রদায়িক বর্বরতা ও রাজনৈতিক সহিংসতা’ শীর্ষক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায় না।
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, প্রতিটি নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলে। দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। সরকারের জানা থাকা সত্ত্বেও নির্যাতন ঠেকানো যায়নি। তিনি বলেন, ভবিষ্যতে দেশের যেখানে সংখ্যালঘু থাকবে, সেখানেই নির্বাচনের সময় দেশের সাধারণ মানুষ, ভোট গ্রহণকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সেনাবাহিনী মিলে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।
জামায়াতকে দেশ থেকে তাড়ানোর আহ্বান জানান ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি কে এম সফিউল্লাহ। তিনি মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করেন।
ঘাতক-দালাল নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন দেশে রাজনৈতিক সহিংসতার জন্য বিদেশি কূটনীতিকদের দায়ী করেন।
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত নির্বাচনের সময় তাঁদের সেনা নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, পেশাজীবী সমন্বয় পরিষদের সম্পাদক কামরুল হাসান খান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ। মতবিনিময় সভায় ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক হারুন হাবীব।