গণজাগরণ মঞ্চের ছাত্র-শিক্ষক সমাবেশে বক্তারা অবিলম্বে মানবতাবিরোধী অপরাধের রায়ে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসির আদেশ কার্যকর করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দল জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার দাবি তোলেন।
রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে গতকাল শনিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সমাবেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবির বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে দেখেছি, গণজাগরণ মঞ্চের প্রতি এ দেশের তরুণদের অকুণ্ঠ সমর্থন আছে। এ মঞ্চের অগ্রগতি থেমে যায়নি।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, শিক্ষাবিদ মমতাজ লতিফ, কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএএফ শাহীন কলেজ ও নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।