জামায়াত নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্যকর ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে সারা দেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গত রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে নানা স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণজাগরণ মঞ্চ বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপন করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম নগর: চট্টগ্রামে শহীদ মিনারে গতকাল সর্বস্তরের মানুষের ঢল নামে। শহীদ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন তাঁরা। পাশাপাশি তাঁরা রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুলিশের চৌকস দলের অভিবাদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এবং সাংসদ মঈন উদ্দীন খান বাদল, সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ আবদুল লতিফ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। তা ছাড়া জাতীয় পার্টি, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।
বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান, সিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকালে গণজাগরণ মঞ্চ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাসদ, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে আগত মানুষের কণ্ঠে ছিল ‘কাদের গেছে যে পথে, নিজামী যাবে সে পথে’, ‘সাঈদীর ফাঁসি হবে, পাকিস্তানে কবর হবে’ ইত্যাদি স্লোগান।
বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে র‌্যাব ও পুলিশের তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়। বসানো হয় সিসি ক্যামেরাও।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ঘোষিত তফসিল স্থগিত না করলে নির্বাচন কমিশন জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ভোটবিহীন নির্বাচনের তামাশা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। সিলেকশনের নির্বাচনে কোনো প্রার্থী নেই। সরকার নিজের জালে নিজে আটকা পড়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সকালে নগর বিএনপির এক সমাবেশে আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমেদ সড়কে স্থাপিত বিজয়মঞ্চে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাসেমের নেতৃত্বে আওয়ামী লীগ ও বেলা ১১টায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
ফেনী: ফেনীতে রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধের শহীদ সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. হুমায়ুর কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, স্থানীয় সাংসদ জয়নাল আবদীন (ভিপি জয়নাল), পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী। এ ছাড়া জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জেলা পরিষদ, ফেনী প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা শিক্ষক সমিতি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, প্রথম আলো বন্ধুসভা, জেলা ক্রীড়া সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকালে ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা, সিনেমা হলগুলোতে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে শিল্পকলা একাডেমীতে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।