জামায়াত নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্যকর ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে সারা দেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে নানা স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণজাগরণ মঞ্চ বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপন করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: রোববার মধ্যরাতে হঠাৎ জেগে ওঠে সিলেট নগর। রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার আতঙ্কের মধ্যেও নগরের প্রধান শহীদ মিনারমুখী জনস্রোত। বিজয় দিবসের প্রথম প্রহর ও ভোরে শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ও ব্যক্তিরা। সকালে সিলেট স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনীতেও ছিল মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস। বিজয় দিবসের অনুষ্ঠানগুলোতে সমবেত মানুষের সমস্বর ছিল বাকি সব যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকরের দাবি। বিকেলে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়রের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
কুমিল্লা: পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কুমিল্লা নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরণ মঞ্চের নানা আয়োজনে নগরে বিজয়ের রং ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন টাউন হল মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে নগরের প্রধান শহীদ মিনারে কুমিল্লার সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে।
ময়মনসিংহ: রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করে জেলা প্রশাসন। এরপরই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন স্মৃতিসৌধের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে শহরের সার্কিট হাউস মাঠে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা সভা, শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
কিশোরগঞ্জ: স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিশু-কিশোর সমাবেশ, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, শ্যুটিং প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথম আলো বন্ধুসভা স্থানীয় বালিকা শিশুসদনে এতিম শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
মৌলভীবাজার: রাত ১২টা এক মিনিটের পরেই মৌলভীবাজার সঞ্চৃতিসৌধ ফুলে ফুলে ছেয়ে যায়। সকালে জেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শন করে। জুড়ী, কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সুনামগঞ্জ: শহরের প্রধান সঞ্চৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
নেত্রকোনা: নেত্রকোনা শহরের সাতপাইয়ে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিবসটি উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা জেলার পূর্বধলা উপজেলা সদরে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা বের করে।
নরসিংদী: সকালে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্যারেড ও কুচকাওয়াজ হয়। বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার প্রায় আট শ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
শেরপুর: জেলার সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের ফারুক পার্কের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জেলার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়েছে। এ ছাড়া কসবা, আখাউড়াসহ বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।