জামায়াত নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে সারা দেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে নানা স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণজাগরণ মঞ্চ বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপন করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সব যুদ্ধাপরাধীর বিচার কার্যকর করার দাবির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিকেলে জাতীয় সংগীত পরিবেশন করে একাত্তর মঞ্চ। জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এসব কর্মসূচি পালন করেছে। দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয় শোভাযাত্রা। বিকেলে বিজয় মিছিল করেছে বিএনপি।
নীলফামারী: প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা সঞ্চৃতি অম্লান স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। পরে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন একে একে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে নীলফামারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে।
পাবনা: রাত ১২টা এক মিনিটে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকারের পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট, পাবনা ড্রামা সার্কেল, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করে।
চাঁপাইনবাবগঞ্জ: স্থানীয় সাধারণ পাঠাগারের সামনে গণজাগরণ মঞ্চ সোমবার বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপন করে। এতে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, রফিক হাসান, মিজানুর রহমান, মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লায় ফাঁসির রায় কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানান।
পঞ্চগড়: রাত ১২টা এক মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসক সালাহউদ্দিন ও পুলিশ সুপার আবুল কালাম আজাদ শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
দিনাজপুর: রাত ১২টা এক মিনিটে জেলা কালেক্টরেট প্রাঙ্গণের সঞ্চৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ ইকবালুর রহিম। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বিকেল চারটা ৩১ মিনিটে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টায় উপাচার্য মো. রুহুল আমিনের নেতৃত্বে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।
বগুড়া: রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে হাজারো মানুষ। সকাল ১০টার পর জনতার স্রোতে গোটা শহরই ‘উৎসবের শহরে’ পরিণত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অনুষ্ঠানস্থল সাতমাথার বিজয় উৎসব মঞ্চ, শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের সাংস্কৃতিক মঞ্চ, শহীদ মিনার চত্বরের বিজয় মেলা ও অ্যাডওয়ার্ড পার্কের টিটু মিলনায়তনের সাংস্কৃতিক মঞ্চে ছিল হাজারো মানুষের ঢল।