
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্যকর ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে সারা দেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে নানা স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণজাগরণ মঞ্চ বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপন করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সকালে ছুটিতে থাকা উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন দুই সহ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বই ও জার্নাল প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। ফটোগ্রাফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরা ক্যাম্পাসে সাইকেল চালিয়ে বিজয় ভ্রমণের আয়োজন করেন।
নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে ওসমানী স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ হয়। এতিমখানা, জেলখানা, ভবঘুরে আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট চাষাঢ়া শহীদ মিনারে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করে।
মুন্সিগঞ্জ: প্রথম প্রহরে শহরের প্রধান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন শুরু হয়। সকাল সাড়ে আটটা থেকে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ শুরু হয়। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে।
মানিকগঞ্জ: শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, শিশুদের শারীরিক কসরত প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
গাজীপুর: রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটা থেকে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শুরু হয়।
টঙ্গী (গাজীপুর): সকালে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ এবং সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন ও কলেজের শিক্ষার্থীরা বিজয় শোভাযাত্রা বের করে। এরপর আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নবাবগঞ্জ (ঢাকা): সকালে নবাবগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়। নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ ও শারীরিক কসরতের আয়োজন করা হয়। বাকি সব যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের দাবিতে এবং সহিংস রাজনীতিমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন বিজয় শোভাযাত্রা বের করে। এ ছাড়া দোহার উপজেলায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সকালে উপজেলা প্রশাসন কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।