জামায়াত নিষিদ্ধের দাবি হানিফের
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের দল। এখন তাদের নিষিদ্ধ করার সময় এসেছে। এখনই বাংলার মাটিতে তাদের নিষিদ্ধ করতে হবে।’ তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে কাউকে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে সুযোগ দেওয়া হবে না।
পাকিস্তানের উদ্দেশে হানিফ বলেন, ‘জামায়াতের নেতারা আপনাদের সৈনিক হলে তাদের নিয়ে যান। আমাদের কোনো আপত্তি নেই, থাকবে না। একটি স্বাধীন-সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার আপনাদের নেই।’ তিনি আরও বলেন, ‘নিন্দা প্রস্তাব প্রত্যাহার করুন। না হয় আন্তর্জাতিকভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাব।’ এ সময় মুক্তিযোদ্ধাদের বিএনপি-জামায়াত ত্যাগ করে নিজেদের আত্মসম্মান বাঁচানোর আহ্বান জানান হানিফ।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগের সব নেতা-কর্মীকে বাঁশের লাঠি হাতে যৌথ বাহিনীর সঙ্গে দাঁড়াতে হবে। পাকিস্তানি পণ্য বর্জন ও আমদানি-রপ্তানি বন্ধ করে দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।