জামায়াত নেতা ইউসুফ প্রথম রাজাকার বাহিনী গঠন করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবিরকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। তাঁকে গতকাল রোববার পঞ্চম দিনের মতো জেরা করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাহরিয়ার কবিরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি।একাত্তরের ২ আগস্ট অধ্যাদেশের মাধ্যমে কি রাজাকার বাহিনী গঠিত হয়েছিল—জেরায় আইনজীবীর এ প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, তাঁর জানামতে, একাত্তরের মে মাসে জামায়াতের নেতা মওলানা এ কে এম ইউসুফ খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠন করেন। পরে পাকিস্তান সরকার এই বাহিনীকে আনসার বাহিনীর সঙ্গে একীভূত করে অধ্যাদেশ জারি করে। রাজাকার বাহিনী গঠনের বিষয়টি প্রথম কখন পত্রিকায় প্রকাশিত হয়েছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তাঁর জানা নেই। আশির দশকের মাঝামাঝি একাত্তরের ঘাতক দালালেরা কে কোথায় বইটি লেখার সময় মাঠপর্যায়ে কাজ করে এ সম্পর্কে জানতে পেরেছেন।পরের কয়েকটি প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, এ কে এম ইউসুফ একাত্তরে মালেক মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি স্বাধীনতার পর আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর (ইউসুফ) বিরুদ্ধে কি রাজাকার বাহিনী গঠনের অভিযোগ আনা হয়েছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জানা নেই। আইনজীবী বলেন, বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালে আদালতের নির্দেশে এ কে এম ইউসুফ মুক্তি পেয়েছিলেন। এ সময় সাক্ষী বলেন, এটা হতে পারে, তবে সুনির্দিষ্টভাবে তাঁর জানা নেই। রাজাকার বাহিনীর প্রথম পরিচালক কে ছিলেন—এর জবাবে তিনি বলেন, বই না দেখে বলতে পারবেন না।শাহরিয়ার কবির গত ২৬ আগস্ট ট্রাইব্যুনালে প্রায় তিন ঘণ্টা জবানবন্দি দেন। ৩০ আগস্ট, ১, ৫ ও ৬ সেপ্টেম্বর এবং গতকাল—এই পাঁচ দিনে তাঁকে আসামিপক্ষ মোট ১২ ঘণ্টার বেশি জেরা করেছে।বঙ্গবন্ধু কি কোনো গোপন রাজনৈতিক এজেন্ডায় বিশ্বাস করতেন—মিজানুল ইসলামের এ প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, এ বিষয়ে তিনি কোনো গবেষণা করেননি। সত্তরের নির্বাচন পর্যন্ত বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি—মিজানুলের এ কথার পর সাক্ষী বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি এটি সত্য, তবে ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। একাত্তরের ৩ মার্চের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার কথা বলেননি— আইনজীবীর এ কথায় তিনি বলেন, এটা সত্য নয়।একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আপনি কমিউনিজমে বিশ্বাসী, একজন কমিউনিস্ট কর্মী।’ এতে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ‘আমি কমিউনিস্ট নই, আমি একজন মানবতাবাদী।’ জনৈক প্রতারকের কাহিনী বইটি কি সাক্ষীর লেখা—এ প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, হ্যাঁ। ১৯৮৬ সালে প্রকাশিত এই বইয়ে লেখক নিজেকে একজন কমিউনিস্ট কর্মী হিসেবে উল্লেখ করেছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্তরের দশকের শুরুতে তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ১৯৮৬ সালে নয়। এ কথাই ওই বইয়ের ‘লেখকের কথা’য় উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরপর তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হননি। শাহরিয়ার কবিরকে আজ সোমবারও জেরা করবে আসামিপক্ষ।কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষীকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মোহাম্মদ হাসানুজ্জামানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। কামারুজ্জামান এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আজও সাক্ষীকে জেরা করা হবে।সাকা চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১২ সেপ্টেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।