সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর সিলেট জেলা (উত্তর) সেক্রেটারি সৈয়দ ফয়জুল্লাাহ বাহার এবং ছাত্রশিবিরের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা হলেন তাজুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ, রেজাউল ইসলাম, জুনায়েদ আহমদ, সামসুল ইসলাম, বেলাল আহমদ ও আশরাফুল ইসলাম। র্যাব গ্রেপ্তার হওয়া কর্মীদের গতকাল শুক্রবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গত সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি কার্যক্রম চলাকালে নবাগত ছাত্রদের নিজেদের সংগঠনে ভেড়ানোর চেষ্টাকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় ওই দিন মেডিকেল কলেজ এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে সিলেট নগরের বিভিন্ন স্থান থেকে র্যাব-পুলিশ ৪১ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে ১৮ জন ও বুধবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, সংঘর্ষের পর পুলিশ ও র্যাব গতকাল পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের পুলিশের ওপর হামলার মামলা ও ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।বই জব্দ: গত সোমবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত র্যাব-পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া শিবিরের নেতা-কর্মীদের কাছ থেকে দুই শতাধিক জিহাদের বই উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, জব্দ করা বইয়ের অধিকাংশই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের লেখা। এ ছাড়া দিনবদলের সনদ কি মানুষ হত্যার লাইসেন্স?, জিহাদের হকিকত, মুক্তিযুদ্ধ-যুদ্ধাপরাধী, রাষ্ট্রদ্রোহসহ সম্প্রতি বিভিন্ন নামের শতাধিক বই প্রকাশিত হয়েছে।উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, জব্দ করা বইগুলো দুটি মামলার আলামত হিসেবে রাখা হয়েছে।