জামায়াত নেতা ও তিন উপজেলা চেয়ারম্যানসহ অভিযুক্ত ৩০৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার মামলায় সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ তিনজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউপি চেয়ারম্যানসহ ৩০৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মো. সুলতানউদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রে নগর জামায়াতের আমির ছাড়াও জামায়াত-সমর্থক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জৈন্তাপুর উপজেলার চেয়রম্যান জয়নাল আবেদীন, সিলেট সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন এবং শিক্ষক, ছাত্র ও ব্যবসায়ীসহ আরও ৩০৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে গত বছরের ১১ সেপ্টেম্বর নগর জামায়াতের একটি বিক্ষোভ মিছিল থেকে বন্দরবাজার এলাকায় পুলিশের ওপর হামলা হয়। এতে সহকারী কমিশনারসহ পুলিশের ১৫জন সদস্য আহত হয়েছিলেন। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক নারায়ণ দত্ত বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং জামায়াতের অজ্ঞাত আরও তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে জানান, তদন্ত শেষে পুলিশ ৩০৮ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাঁদেরকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া মামলার আসামি ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে আছেন বলে তিনি জানান।