জামায়াত নেতা কারাগারে
সিলেটের বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের একটি মামলার আসামি নিজামউদ্দিন উচ্চ আদালতের নির্দেশে গতকাল সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, ২০ মার্চ বিশ্বনাথে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গোলাম রব্বানী নামের জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ নিজামউদ্দিনকে প্রধান আসামি করে দুটি মামলা করে। ৪ এপ্রিল আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। নিজামউদ্দিন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে গতকাল তিনি আদালতে হাজির হন। নিজামউদ্দিন ওই দুটি মামলা ছাড়াও বিশ্বনাথে গত বছরের ২২ ও ২৩ এপ্রিল বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনে সংঘটিত সহিংস ঘটনার আরও পাঁচটি মামলার আসামি।