জামায়াত নেতা তাহেরকে বিদেশে যেতে দেওয়া হয়নি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও তাঁর স্ত্রীকে বিদেশে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটকে দেয়।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সৌদি সরকারের আমন্ত্রণে চিকিৎসার জন্য তিনি স্ত্রী হাবিবা চৌধুরীকে নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ জানায়, তাঁর বিদেশে যাওয়ার ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে নিষেধাজ্ঞা আছে। পরে তাঁরা ফেরত আসেন।
এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের কেউ কথা বলতে চাননি।
এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিদেশে যেতে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, তাহেরকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দিয়ে সরকার তাঁর মৌলিক সাংবিধানিক অধিকার খর্ব করেছে।