জামায়াত নেতা পারওয়ারের সম্পদ যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে থাকা জামায়াত নেতা ও খুলনা-৫ আসনের সাবেক সাংসদ মিয়া গোলাম পারওয়ারের সম্পদ যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাংসদ থাকার সময় জামায়াতের এ নেতা এলাকাবাসীর জন্য দেওয়া সরকারের বিভিন্ন ভাতার অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া দুবাই ও মালয়েশিয়াতে অর্থ পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালের ২৯ জানুয়ারি গোলাম পারওয়ারের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। সে ধারাবাহিকতায় ওই বছরের ১৯ মার্চ খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলগেটে গোলাম পারওয়ারকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের অনুসন্ধান কর্মকর্তা।

প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে গোলাম পারওয়ারকে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে কারাগার থেকেই তিনি দুদক সচিব বরাবর সম্পদের হিসাব জমা দেন। এখন তাঁর জমা দেওয়া হিসাব যাচাই করে দেখবে কমিশন। সম্পদের তথ্য গোপন করলে কিংবা হিসাবে দেওয়া তথ্যের বাইরে সম্পদ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেবে দুদক।