জামায়াত নেতা শাহজাহান চৌধুরী আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সাবেক সাংসদ ও চট্টগ্রাম নগর কমিটির নায়েবে আমির শাহজাহান চৌধুরীর আরও এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বুধবার শুনানির পর রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন।এর আগে গত মাসে শাহজাহান চৌধুরীকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন বলেন, পাঁচলাইশ থানার পুলিশ শাহজাহান চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। কিন্তু আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১৯ সেপ্টেম্বর জামায়াতের নেতা-কর্মীদের আকস্মিক হামলায় পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান আহত হন। এ সময় তাঁর দেহরক্ষীসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে পেটায় জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলায় শাহজাহান চৌধুরীকে আসামি করে তাঁকে গ্রেপ্তার করা হয়।নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রথম দফায় এক দিনের রিমান্ডে শাহজাহান চৌধুরী পুলিশ কর্মকর্তা আবদুল মান্নানের ওপর হামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি এড়িয়ে যান। ওই দিন আকস্মিক মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন না বলে শুরু থেকে শাহজাহান চৌধুরী দাবি করে আসছিলেন। পরে নানা তথ্য-প্রমাণ হাজির করা হলে তিনি মুরাদপুরের মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। এ বিষয়ে আরও কিছু তথ্য জানার প্রয়োজন। তাই শাহজাহান চৌধুরীকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।গত ১৩ অক্টোবর দুপুরে ঢাকার শাহবাগ থানার পুলিশ শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধাসহ সাতটি খুনের ঘটনায় ছয়টি হত্যা মামলাসহ ৩১টি মামলা ছিল। বিগত জোট সরকারের আমলে তাঁর বিরুদ্ধে বেশির ভাগ মামলা প্রত্যাহার করা হয়।