জামায়াত নেতা হত্যার ঘটনায় চার মামলা, গ্রেপ্তার ১৫
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের সভাপতি মো. আলাউদ্দিন খন্দকার হত্যার ঘটনায় পুলিশবাদী দুটি মামলাসহ মোট চারটি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশবাদী মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করে গতকাল আদালতে চালান দেওয়া হয়েছে।নিহত আলাউদ্দিনের মরদেহ গতকাল রোববার উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই হত্যা ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আলাউদ্দিন গত শনিবার বিকেলে নিজ গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ডেকরা গ্রামে ও চৌদ্দগ্রাম উপজেলা সদরে জামায়াতের বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় তাঁর থানার এসআই সামছুদ্দিন বাদী হয়ে ৩৭ জনকে এজাহারনামীয় ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। এ ছাড়া ডেকরা গ্রামে পুলিশের গাড়ি ভাঙচুর, হামলা ও মারধরের ঘটনায় থানার এএসআই মাহমুদ বাদী হয়ে ১২ জনকে এজাহারনামীয় ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরও একটি মামলা করেন। আলাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাই গিয়াসউদ্দিন বাদী হয়ে আলকরার ইউপি সদস্য ডেকরা গ্রামের নুরুল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৫ জন নেতা-কর্মীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য নুরুল আলমও বাদী হয়ে নিহত আলাউদ্দিনসহ আটজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। পুলিশবাদী মামলার আসামিদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই চৌদ্দগ্রামের জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানা গেছে।