জামায়াত নেতাই ওড়াবেন পতাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় স্বাধীনতা দিবসে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসনের সব কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে। মুক্তিযোদ্ধারা প্রশাসনের ডাকা জায়গায় সমাবেশ করাসহ তিন দিনের কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত ১৪ মার্চ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতা দিবসের কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করবেন কাহালু উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির তায়েব আলী। সঙ্গে সঙ্গে সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা এর বিরোধিতা করেন। তাঁরা বলেন, ‘সে একজন যুদ্ধাপরাধী। তাকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না।’এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গত ২২ মার্চ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আলটিমেটাম দেওয়া হয়। আলটিমেটামের সময়সীমা পার হওয়ার পরও মুক্তিযোদ্ধাদের দাবি-দাওয়া মেনে নেয়নি প্রশাসন। গত মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে এক জরুরি সভায় উপজেলার ৫০ জন মুক্তিযোদ্ধা প্রশাসনের সব কর্মসূচি বর্জনের ঘোষণা দেন। পাশাপাশি তিন দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজিবর রহমান জানান, ‘তায়েব আলী একজন যুদ্ধাপরাধী। জাতীয় দিবসগুলোতে তিনি জাতীয় পতাকা উত্তোলন করলে কোনো মুক্তিযোদ্ধাই তা মেনে নেবে না।’ এদিকে তায়েব আলী তাঁর কার্যালয়ে গত মঙ্গলবার এক সুধী সমাবেশে স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা উত্তোলনে সবার সহযোগিতা চেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরাজুল ইসলাম উকিল জানান, বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।