জামায়াত নেতাকে ছাড়ালেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় জিহাদি বই, সিডি ও লিফলেট উদ্ধারের ঘটনায় করা মামলায় জামায়াতের নেতা মো. জাকির হোসেনকে আজ বৃহস্পতিবার সকালে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আট ঘণ্টা পর কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি সুপারিশ করে তাঁকে ছাড়িয়ে আনেন।

জাকির হোসেন জামায়াতে ইসলামীর কালকিনি উপজেলা শাখা কমিটির রুকন ও গোপালপুর ইউনিয়নের সাবেক আমির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর বাজারের টেক্সাস কম্পিউটার সেন্টারে গত মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে শতাধিক জিহাদি বই, কয়েকটি সিডি, লিফলেট ও কম্পিউটার উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক জামায়াতের নেতা মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলাম পালিয়ে যান। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় জাকির হোসেনকে আজ ভোর ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মজিদবাড়ী (ভুরঘাটা) এলাকা থেকে আটক করে ডিবি। আটকের পর তাঁকে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নেওয়া হয়। পরে কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন এসপির কাছে সুপারিশ করে বেলা দুইটার দিকে জাকিরকে ছাড়িয়ে নেন।

মাদারীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, জিহাদি বই, সিডি ও লিফলেট উদ্ধারের মামলায় জাকির হোসেনকে আটক করা হয়েছিল। কিন্তু পরে তিনি মাওলানা জাকির হোসেন নন, শুধু জাকির হোসেন নাম দাবি করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নামের ভুল ব্যাখা দিয়ে এসপিকে বোঝাতে সক্ষম হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। আটক ওই ব্যক্তিই মূল আসামি। তিনি কালকিনি সিনিয়র ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক।

এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।