জামায়াত নেতাকে ছেড়ে দিতে আ.লীগের নেতাদের চাপ!
নাশকতার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের এক নেতাকে ছেড়ে দিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতারা পাঁচলাইশ থানায় গিয়ে পুলিশকে কয়েক দফা চাপ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ায় পুলিশ ওই নেতাকে দ্রুত আদালতে পাঠিয়ে দেয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।পুলিশ সূত্র জানায়, জামায়াতের স্থানীয় ওই নেতার নাম আলী আব্বাস। জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের মোল্লার মামলার রায় ঘোষণার পর পাঁচলাইশ এলাকায় গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত সোমবার দিবাগত রাতে বহদ্দারহাটসংলগ্ন খতিবের হাটের বাসা থেকে পাঁচলাইশ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।আলী আব্বাসের গ্রেপ্তারের খবরে গতকাল মঙ্গলবার সকাল থেকে ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাঁকে ছাড়িয়ে নিতে পাঁচলাইশ থানার পুলিশকে কয়েক দফা চাপ দেন।মোহাম্মদ ইয়াকুব প্রথম আলোকে বলেন, ‘আলী আব্বাস আগে ছাত্রশিবির করতেন। শুনেছি এখন কিছু করেন না। এখন শিক্ষকতা করেন। তাঁকে মিছিল-সমাবেশেও দেখি না। অথচ যারা সব সময় মিছিলে থাকে, তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। তবে আলী আব্বাসকে সরাসরি ছেড়ে দিতে বলিনি।’জানা যায়, আলী আব্বাসের বড় ভাই কাজী জাহাঙ্গীর আলম পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আব্বাস এখন শিক্ষকতা করে। জামায়াত করলেও সরাসরি রাজনীতিতে জড়িত নয়। সে ১৯৭৮ সালে ছাত্রশিবির করত। আমরা পুলিশকে বলেছিলাম তাকে ছেড়ে দেওয়ার জন্য। পুলিশ আমাদের কথা শোনেনি।’ জানা যায়, আলী আব্বাস পাঁচলাইশ থানা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। এখন তিনি নগর জামায়াতের রাজনীতির পাশাপাশি শিক্ষকতা করেন। তিনি রাউজানে ফজলুল কাদের চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। এটি পরিচালনা করে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার। ওই চাকরিটিও জামায়াতের নেতা হিসেবে তিনি পেয়েছেন বলে জানা গেছে।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, নাশকতার সুস্পষ্ট অভিযোগ রয়েছে আলী আব্বাসের বিরুদ্ধে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।