কিশোরগঞ্জে বুধবার রাতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ১১ যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মোশারফ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। হামলার ঘটনায় গতকাল সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
জামায়াতের ওই নেতা ছাড়াও বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও ১২-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ মামলায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন।
এদিকে দগ্ধ ১১ জনের মধ্যে সিলেটের জাহেদা বেগম (৪০), বরিশালের দিপু রায় (২৩) ও নেত্রকোনার আবদুল মালেককে (৩৫) গতকাল সকালে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।