জামায়াত নেতাকে মুক্ত করলেন আ.লীগ নেতা
মাদারীপুরের কালকিনিতে জিহাদি বই, সিডি ও লিফলেট উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত নেতা মো. জাকির হোসেনকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আট ঘণ্টা পর কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন তাঁকে ছাড়িয়ে আনেন।
জাকির হোসেন উপজেলা জামায়াতের রুকন ও গোপালপুর ইউনিয়নের সাবেক আমির।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর বাজারের টেক্সাস কম্পিউটার সেন্টার থেকে মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশ শতাধিক জিহাদি বই, কয়েকটি সিডি, লিফলেট ও কম্পিউটার উদ্ধার করে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় জাকির হোসেনকে গতকাল সকাল ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মজিদবাড়ী (ভুরঘাটা) এলাকা থেকে আটক করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নেওয়া হয়।
পরে দেলোয়ার হোসেন এসপির কাছে সুপারিশ করে বেলা দুইটার দিকে তাঁকে ছাড়িয়ে নেন।
মাদারীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারেক হোসেন বলেন, দেলোয়ার দাবি করেন, ওই ব্যক্তি মাওলানা জাকির হোসেন নন, শুধু জাকির হোসেন, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নামের ভুল ব্যাখা দিয়ে এসপিকে বোঝাতে সক্ষম হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলেও দেলোয়ার হোসেন মুঠোফোন ধরেননি।