জামায়াত নেতাকে হত্যা, অভিযোগ র্যাবের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে জেলা জামায়াতের নায়েবে আমির ফয়েজ আহমদকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, র্যাব সদস্যরা অভিযানকালে তাঁকে গুলি করে হত্যা করেন। ফয়েজ আহমদের উত্তর তেমুহনীর বাসভবনে শুক্রবার মধ্যরাতে র্যাব-১১-এর অভিযানকালে এ ঘটনা ঘটে। তবে র্যাব এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে ফয়েজ আহমদের হত্যার প্রতিবাদে জেলা জামায়াত মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতেই ফয়েজ আহমদের মরদেহ লক্ষ্মীপুর হাসপাতালে কে বা কারা রেখে যায়। হাসপাতালের চিকিৎ সা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, রাত একটা ৪০ মিনিটে কে বা কারা হাসপাতালের নিচে একটি লাশ ফেলে চলে যায়। লাশের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল পরিবারের কাছে লাশ হস্তান্তর এবং পারিবারিকভাবে দাফন করা হয়।
ফয়েজ আহমদের স্ত্রী মার্জিয়া বেগম অভিযোগ করেন, শুক্রবার রাত ১২টার দিকে দু-তিনটি গাড়ি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে র্যাব ও কিছু মুখোশধারী লোক তাঁদের বাসভবনের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা ফয়েজ আহমদকে জোরপূর্বক ছাদে নিয়ে গিয়ে মাথায় গুলি করে সেখান থেকে ফেলে তাঁকে হত্যা করেন। এ সময় র্যাব সদস্যরা তাঁর ছেলে মো. বেলালকেও খোঁজাখুঁজি করেন এবং দেখামাত্র গুলি করার হুমকি দেন।
ফয়েজ আহমদের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে গতকাল শনিবার সকাল থেকেই সদর উপজেলার মান্দারী, জকসিন, বটতলী, হাজির পাড়া ও চন্দ্রগঞ্জ বাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের দুই পাশে ওই সব এলাকায় শতাধিক গাছ কেটে অবরোধও সৃষ্টি করেন। শহরে চরম আতঙ্ক বিরাজ করছে। শহরজুড়ে র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।
ঘটনার প্রতিবাদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ আর হাফিজ উল্যা গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন। খুনিরা সত্যিই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কি না, তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন ও সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম।
ঘটনাটি নিয়ে জেলার সাংবাদিকেরা স্থানীয় র্যাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনো বক্তব্য তারা নিতে পারেননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. লোকমান হোসেনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।