জামায়াত নেতাকে হত্যা আজ যশোরে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল হাই সিদ্দিকী ওরফে বুলবুলকে (৩০) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে নিজের বাড়িতে বসে কম্পিউটারে কাজ করার সময় ঘরের জানালা দিয়ে মাথায় গুলি করা হয়।
বুলবুলের বাড়ি উপশহর ট্রাকস্ট্যান্ডসংলগ্ন এলাকায়। হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার যশোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলামী। জামায়াত-শিবিরের কর্মীরা রাতে বিক্ষোভ করেছেন। মিছিলটি যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হরতাল পালনের আহ্বান ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় গোটা শহরে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও দলীয় নেতাদের কাছ থেকে জানা গেছে, বুলবুল রাতে নিজের ঘরে বসে কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলি বুলবুলের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হলে নেতা-কর্মীরা হাসপাতাল চত্বরে জড়ো হতে থাকেন। মুহূর্তে শহরজুড়ে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইদ্রিস আলী বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোর জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। ঘরের জানালা দিয়ে গুলি করে বুলবুলকে হত্যা করা হয়েছে বলেও তিনি জানান।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।