জামায়াত নেতাদের আবেদনের শুনানি শেষে আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদের পরিবহনের জন্য যেকোনো সুবিধাজনক যানবাহন ব্যবহারের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল জামায়াতের নেতাদের পক্ষে করা এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।একই দিনে ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে বারডেমের সঙ্গে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।গতকাল সোমবার দুপুর ১২টায় জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম ও সাঈদীর আইনজীবী তানভির আহমেদ আল-আমীনের করা পৃথক দুটি আবেদনের শুনানির পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।প্রথমে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।শুনানিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যেকেই শারীরিকভাবে অসুস্থ। কারাগার থেকে ট্রাইব্যুনাল, হাসপাতাল বা সেফ হোমে আনা-নেওয়ার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ প্রিজন ভ্যান ব্যবহার করছে, যাতে তাঁদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে।শুনানির পর ট্রাইব্যুনাল আদেশে বলেন, কারা কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের পরিবহনের জন্য সুবিধাজনক যেকোনো যানবাহন ব্যবহার করতে পারবে।এরপর সাঈদীর চিকিৎসাসংক্রান্ত আবেদনের শুনানিতে তাঁর আইনজীবী বলেন, গত রোববার সাঈদীকে বারডেম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানে তাঁর মেরুদণ্ডের ব্যথা ও ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া হয়। সাঈদীর আইনজীবী আরও বলেন, পরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাঁর হূদরোগের পরীক্ষা করাতে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। ট্রাইব্যুনালের আদেশে শুধু বারডেমের উল্লেখ থাকায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সাঈদীর চিকিৎসা দেওয়া হয়নি বলে তাঁর আইনজীবী অভিযোগ করেন।শুনানি শেষে ট্রাইব্যুনাল সাঈদীর চিকিৎসার জন্য বারডেমের সঙ্গে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কথাও সংযোজন করেন।এদিকে ট্রাইব্যুনালের আদেশ ভঙ্গের অভিযোগে এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে করা আবেদনের শুনানি ২৪ মে অনুষ্ঠিত হবে। গত রোববার আন্তর্জাতিক অপরাধ তদন্তের জন্য গঠিত সংস্থার সদস্য এম সানাউল হকের বিরুদ্ধে তাজুল ইসলাম এই আবেদন করেন।আবেদনে বলা হয়েছে, ৫ মে সেফ হোমে নিজামীকে জিজ্ঞাসাবাদ শেষে সানাউল হক গণমাধ্যমের সামনে যে বক্তব্য দিয়েছেন, তা ট্রাইব্যুনালের আইন ও বিধি উভয়েরই লঙ্ঘন। কার্যপ্রণালি বিধি অনুসারে বিচার চলা অবস্থায় তদন্তাধীন বিষয় গোপন রাখার নিয়ম থাকলেও সানাউল হক তা মানেননি।