চাঁপাইনবাবগঞ্জে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
জামায়াত নেতাদের এখনই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে না
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও গ্রেপ্তার হওয়া জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতাকে এখনই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে না। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদী চিহ্নিত যুদ্ধাপরাধী এটা ঠিক, তবে তাঁদের অপরাধ তদন্তাধীন রয়েছে। তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদনের ওপরই ট্রাইব্যুনালে সোপর্দের বিষয়টি নির্ভর করছে। গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতাকে গ্রেপ্তারের ফলে দেশে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জঙ্গিদের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। সেখানে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের ভাই নাজমুল হকের বিরুদ্ধে সোনামসজিদ স্থলবন্দরে চাঁদাবাজির অভিযোগ করেন জেলার একজন সাংবাদিক। এ সময় সেখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সরাসরি কোনো জবাব দেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী।সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ অস্ত্র ও মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহূত হচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাজার কোটি টাকার মালিক যারা চোরাচালানের নেপথ্যে আছে, তাদের ধরতে হবে। তাদের ধরতে না পারলে এসব চোরাচালান বন্ধ হবে না।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরে শহীদ সাটু হলে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, জনগণকে উদ্বুদ্ধ করা ছাড়া জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়। একটি গোষ্ঠী ইসলামের নামে জনগণকে বিভ্রান্ত করছে। ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জঙ্গিবাদ সৃষ্টি হবে না।’