জামায়াত নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক নিপীড়নের নজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাইদীর গ্রেপ্তারকে চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির বলেছেন বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলের নেতা খালেদা জিয়া। তিনি এই তিন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে হাস্যকর উল্লেখ করে জামায়াত নেতাদের মুক্তি দাবি করেন। গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে দলীয় প্রধান এই বিবৃতি দেন। খালেদা জিয়ার সভাপতিত্বে রাত সোয়া আটটায় বৈঠক শুরু হয়। চলে সোয়া নয়টা পর্যন্ত। বৈঠকে জামায়াত নেতাদের গ্রেপ্তারের ঘটনায় দলের অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া বিরোধী দলের প্রতি সরকারের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে দলের করণীয় নিয়েও আলোচনা হয় বলে সূত্র জানায়। বিবৃতিতে খালেদা জিয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তিনি সংবিধান ও আইন অনুযায়ী বৈধ সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কার্যক্রমের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, যখনই বিএনপির সমর্থনে জামায়াত এগিয়ে এসেছে, তখনই এ দলটির ওপর আওয়ামী লীগ নির্যাতনের পথ বেছে নিয়েছে। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই তাঁরা গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণের সংবিধান ও আইনসম্মত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। বিরোধীদলীয় নেতা বলেন, ‘পরিবর্তন ও দিনবদলের গালভরা প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার দেড় বছরেও দেশে কোনো ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন দেশবাসীর নজরে আসেনি। বরং জনগণের সমস্যা সমাধানের ক্ষেত্রে সর্বব্যাপী ব্যর্থতা দেশবাসীকে হতাশ, বিপন্ন ও ক্ষুব্ধ করে তুলেছে।’ তিনি বিএনপির নেতা মির্জা আব্বাস, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী ও শমসের মবিন চৌধুরীর মুক্তি দাবি করেন। আর বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম কোথায় আছেন, তা সরকারের কাছে জানতে চান। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মির্জা আব্বাসের বাড়িতে এবং সাংসদ শহীদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। বৈঠকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সারোয়ারী রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।