জামায়াত নেতাদের দুই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
দলের আমির মতিউর রহমান নিজামীসহ জামায়াতের নেতাদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও কেরানীগঞ্জ মডেল থানায় করা মামলা দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানায় দুজন মুক্তিযোদ্ধা হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জামায়াতের ১৩ নেতার বিরুদ্ধে করা মামলাটি গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন বিচারিক হাকিম আদালত। গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রাজধানীর পল্লবীতে গণহত্যার অভিযোগে করা মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেরানীগঞ্জ থানায় জামায়াতের শীর্ষস্থানীয় ১৩ নেতা এবং পল্লবী থানায় ১০ জন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে মামলা দুটি করা হয়। গত ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূমিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।গতকাল কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারিক হাকিম তৈয়বুল হাসান এ আদেশ দেন।কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা ওসমান গনি ও গোলাম মোস্তফাকে হত্যার অভিযোগে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোজাফ্ফর আহমদ খান ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ২৫ নভেম্বর মায়ের সঙ্গে দেখা করতে ওসমান সহযোদ্ধা মোস্তফাকে নিয়ে কেরানীগঞ্জের ভাওয়াল খানের বাড়িতে আসেন। সকাল সাড়ে সাতটার দিকে আসামিরাসহ রাজাকার-আলবদরের সদস্যরা ওসমানের বাড়ি ঘেরাও করেন। তাঁরা ওসমান ও মোস্তফাকে আটকের পর সাড়ে আটটার দিকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করেন।আদালত বাদীর নালিশি আবেদন এজাহার হিসেবে গ্রহণ করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৩১ ডিসেম্বর তা এজাহার হিসেবে গ্রহণ করে নথি আদালতে পাঠায়।এই মামলার অন্য আসামিরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, ঢাকা জেলা আমির আবুল হাশেম, কেরানীগঞ্জ থানা শাখার আমির নাজিম উদ্দিন, ফয়জুর রহমান ফয়েজ, কে জি করিম বাবলা, মো. ইয়াছিন, জয়নাল, আ. খালেক, আ. মান্নান সিদ্দিকী ও পুইন্না আলবদর। তাঁদের মধ্যে শেষ চারজন মারা যাওয়ায় তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।এদিকে ১৯৭১ সালে গণহত্যার অভিযোগে পল্লবী থানায় করা মামলাটিও গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সিআইডির করা আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য বিচারিক হাকিম এ কে এম এনামুল হক মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। দুয়ারিপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন মোল্লা ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি নিজামীসহ ১০ জন এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করে এ মামলা করেন।