জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসি কার্যকর করার বিষয়টি পাকিস্তান অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উত্থাপন করবে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল শুক্রবার এ কথা বলেছেন।
সিনেটে গতকাল এক বক্তৃতায় সারতাজ বাংলাদেশে ‘রাজনৈতিক বিরোধীদের’ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় অনুতাপ প্রকাশ করে বলেন, মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি মন্তব৵ করেন, এভাবে ফাঁসি কার্যকর করাটা মানবাধিকারের লঙ্ঘন এবং ১৯৭৪ সালে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির পরিপন্থী।
সিনেটের নেতা রাজা জাফরুল হক বলেন, বাংলাদেশে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ মৃত্যুদণ্ড কার্যকর করার পুনরাবৃত্তি রোধে মুসলিম দেশগুলোর যৌথ পরিকল্পনা করা উচিত।
এর আগে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ায় তুরস্কের প্রশংসা করেন পাকিস্তানি সিনেটের সদস্যরা।