জামায়াত নেতাদের বক্তব্যের ভিডিওচিত্র চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা সেলিম উদ্দিনসহ অন্যদের গত ৪ ফেব্রুয়ারির সমাবেশে দেওয়া বক্তব্য সম্পর্কে পরিষ্কার হতে ১২টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ওই সমাবেশের ভিডিওচিত্র ও স্ক্রিপ্ট চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২০ মার্চের মধ্যে এগুলো ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে দিতে বলা হয়েছে।ট্রাইব্যুনাল-২ থেকে এই আদেশ গতকাল বৃহস্পতিবার রেজিস্টারের কার্যালয়ে পাঠানো হয়। রেজিস্টারকে আদেশের কপি ১২টি টেলিভিশন চ্যানেলের প্রধান বার্তা সম্পাদককে পাঠাতে বলা হয়েছে। এই আদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্টার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ।সংশ্লিষ্ট সূত্র জানায়, আদেশ অনুযায়ী, চ্যানেল আই, এনটিভি, এটিএন নিউজ, এটিএন বাংলা, দেশ টিভি, একাত্তর টিভি, ইনডিপেনডেন্ট টিভি, আরটিভি, সময় টিভি, একুশে টিভি, জিটিভি ও দিগন্ত টিভিকে ৪ ফেব্রুয়ারি (আবদুল কাদের মোল্লার রায়ের আগের দিন) রাজধানীতে অনুষ্ঠিত এক সমাবেশে সেলিম উদ্দিনসহ অন্য জামায়াত নেতাদের বক্তব্যের ভিডিও ও প্রতিবেদনের স্ক্রিপ্ট সিডি আকারে ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।পত্রিকার প্রতিবেদন অনুসারে, ৪ ফেব্রুয়ারি এক সমাবেশে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন বলেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ ওই সমাবেশে দলের মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ একই দিন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, ‘...ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়কে” প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’এসব বক্তব্য আমলে নিয়ে ৭ ফেব্রুয়ারি জামায়াতের এই তিন নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেন। আদেশে ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। তিন দফা সময় নিয়েও হাজির না হওয়ায় ৬ মার্চ ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৭ মার্চ সেলিম গ্রেপ্তার হন। ১০ মার্চ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে দুজন আইনজীবীর জিম্মায় ও এক লাখ টাকা মুচলেকায় জামিন দেওয়া হয়। তাঁর বক্তব্যের বিষয়ে ২১ মার্চ ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য আছে।