বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি ও অন্যান্য মামলা প্রত্যাহার না করায় সরকারের সমালোচনা করেছেন দলটির আমির মতিউর রহমান নিজামী।সরকারের এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে নিজামী এই সমালোচনা করেন। তিনি প্রধানমন্ত্রীর ভাষণকে শুভংকরের ফাঁকি বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, সরকার নির্বাচনী ওয়াদা পূরণে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন গত বুধবার। এর দুই দিন পর গতকাল নিজামী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) নির্বাচনের আগে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি ইতিবাচক রাজনীতির কথা বললেও তাঁর সরকার গত এক বছর নেতিবাচক কর্মকাণ্ডেই বেশি ব্যস্ত ছিল। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার কাজেই তাঁর সরকার নিয়োজিত। তিনি ও তাঁর দলের নেতাদের বিরুদ্ধে জরুরি সরকারের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হলেও জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি।’যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নিয়ে সরাসরি কিছু না বললেও বিবৃতিতে বিষয়টিকে ‘নন্ ইস্যু’ আখ্যা দিয়ে নিজামী বলেন, নন্ ইস্যুকে ইস্যু বানিয়ে ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ষড়যন্ত্র করা হচ্ছে।ইসলামি রাজনীতি নিষিদ্ধ করে ইসলামি দলের নেতাদের গ্রেপ্তারের ষড়যন্ত্র এবং সংবাদপত্রের কণ্ঠ রোধ করে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে সরকার একদলীয় শাসনব্যবস্থায় ফিরে যাওয়ার ষড়যন্ত্র শুরু করেছে বলেও নিজামী অভিযোগ করেন।