কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার দুটি কেন্দ্র এবার জামায়াতের নেতাদের ব্যক্তিমালিকানাধীন কলেজে রাখা হয়েছে। নগরের কোটবাড়ি এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও কুমিল্লা সিটি কলেজে পরীক্ষাকেন্দ্র দুটি নির্ধারণ করা হয়েছে। ওই কলেজ দুটির অন্যতম মালিক যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা শাখার জামায়াতের আমির ছানাউল্লাহ মজুমদার ও আদর্শ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইফতেখার আলম ভূঁইয়া। এর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা বোর্ডের অনুমোদন নেই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, কাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ৩৯৬ জন কুমিল্লা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং ৮১০ জন কুমিল্লা সিটি কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন। একই দিন দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ‘সি’ ইউনিটের ৩৭১ জন কুমিল্লা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং কুমিল্লা সিটি কলেজ কেন্দ্রে ৮১০ জন পরীক্ষা দেবেন। ওই পরীক্ষাকেন্দ্রগুলোতে ছাত্রশিবিরের সাবেক নেতা ও জামায়াতের নেতারা পরীক্ষা নেবেন! নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রগতিশীল শিক্ষক জানিয়েছেন, দেশব্যাপী জামায়াত-শিবির পুলিশ ও সরকারি বাহিনীর ওপর যখন হামলা চালাচ্ছে, তখন জামায়াত-শিবিরের নেতাদের ব্যক্তিমালিকানাধীন ভাড়াবাড়ির কলেজে পরীক্ষাকেন্দ্র দেওয়া কোনোভাবেই যুক্তিসংগত হয়নি। এর মধ্য দিয়ে জামায়াত-শিবির আরও বেশি উজ্জীবিত হবে। পরীক্ষার্থীরা আতঙ্কিত হবে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ নেওয়া ঠিক হয়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠান দুটি জামায়াতের হলেও আমাদের কোনো উপায় ছিল না। পরীক্ষার্থী বেশি হওয়ায় ওই দুই কলেজে আসনবিন্যাস দেওয়া হয়েছে।’ জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজসহ আশপাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সেগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হয়নি।