জামায়াত নেতাদের সাজা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জামায়াত নেতাদের দেওয়া ‘সাজা’ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।গত শুক্রবার স্থানীয় গণমাধ্যমে মন্ত্রণালয়টির এক সংবাদ ব্রিফিংয়ের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিকদ্য নিউজ গতকাল শনিবার এ খবর ছেপেছে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের আজ রোববার আফগানিস্তান সফরে যাওয়ার কথা। এর আগে ওই সাপ্তাহিক সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়।বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দণ্ডাদেশ প্রসঙ্গে ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ বলেন, ‘আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। আমরা এ-ও উল্লেখ করতে চাই, (এই বিচার নিয়ে) বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক আইনি সমাজের তরফে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।’১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে জড়িত ব্যক্তিদের বিচারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠন করে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের পাঁচ নেতা ও দলটির সাবেক এক সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছেন। দণ্ডিত নেতাদের মধ্যে দলটির সাবেক আমির গোলাম আযমও রয়েছেন।জামায়াত ও প্রধান বিরোধী দল বিএনপির আরও কয়েকজন নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা চলছে।এদিকে পাকিস্তানেরডন পত্রিকা ও লাহোরভিত্তিক ইংরেজি সংবাদপত্র দ্য নেশন-এর খবরে বলা হয়েছে, গোলাম আযম ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দণ্ডাদেশের বিরুদ্ধে গত বৃহস্পতিবার লাহোর ও করাচিতে বিক্ষোভ করেছে জামায়াত-ই-ইসলাম পাকিস্তানের ছাত্র সংগঠন ইসলামি জামায়াত-ই-তালিবা। বিক্ষোভে ‘বাংলাদেশকে রক্ষায়’ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভারত দরদি’ হিসেবেও উল্লেখ করে। ডন, দ্য নিউজ ও দ্য নেশন।