জামায়াত নেতার জামিনের জন্য আ.লীগ নেতার তদবির!
যশোরের মনিরামপুর উপজেলার ৬২টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার আসামি জামায়াত নেতার আগাম জামিনের জন্য আওয়ামী লীগের এক নেতা তদবির করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আবদুস শহীদ ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান গতকাল বুধবার এই অভিযোগ করেন। ওই আসামির নাম গাজী এনামুল হক। তিনি জেলা জামায়াতের কমিটির সদস্য। আর তাঁর জামিনের তদবির করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম ফিরোজ।অভিযোগ পাওয়া গেছে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম ফিরোজ মুখ্য বিচারিক হাকিমের খাসকামরায় গিয়ে ওই জামায়াত নেতার আগাম জামিনের তদবির করেন। গতকাল যশোর জেলা জজ আদালতের আইনজীবীদের মধ্যে বিষয়টি নিয়ে হইচই হলে পরে জামিনের আবেদন প্রত্যাহার করা হয়।ফিরোজ বলেন, ‘জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হিসেবে আমি তদবির করতে গিয়েছিলাম। পরে অবশ্য বিষয়টি কোর্টের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।’