জামায়াত নেতার জামিনের জন্য আ.লীগ নেতার তদবির!
যশোরের মনিরামপুর উপজেলার ৬২টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার আসামি জামায়াত নেতার আগাম জামিনের জন্য আওয়ামী লীগের এক নেতা তদবির করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আবদুস শহীদ ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান গতকাল বুধবার এই অভিযোগ করেন। ওই আসামির নাম গাজী এনামুল হক। তিনি জেলা জামায়াতের কমিটির সদস্য। আর তাঁর জামিনের তদবির করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম ফিরোজ।অভিযোগ পাওয়া গেছে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম ফিরোজ মুখ্য বিচারিক হাকিমের খাসকামরায় গিয়ে ওই জামায়াত নেতার আগাম জামিনের তদবির করেন। গতকাল যশোর জেলা জজ আদালতের আইনজীবীদের মধ্যে বিষয়টি নিয়ে হইচই হলে পরে জামিনের আবেদন প্রত্যাহার করা হয়।আদালত সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ রাতে জামায়াত-শিবিরের উসকানিতে মনিরামপুরের জয়পুর গ্রামে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় গুলিতে জামায়াতের এক সমর্থক নিহত হন। প্রতিবাদে পরদিন হরতাল দিয়ে উপজেলার কয়েকটি গ্রামে আওয়ামী লীগ-সমর্থিত ৬২টি পরিবারের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত নেতা নজরুল ইসলাম ৩০ মার্চ স্থানীয় মনিরামপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। ওই মামলায় জামায়াত নেতা গাজী এনামুল হককে আসামি করা হয়। গতকাল এনামুলের পক্ষে আগাম জামিনের জন্য আবেদন করা হয়। পরে এ জেড এম ফিরোজ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিব ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর মুখ্য বিচারিক হাকিমের খাসকামরায় গিয়ে তাঁর জামিনের জন্য তদবির করেন।আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, ‘পিপি এ জেড এম ফিরোজ, শরীফ আবদুর রাকিব ও আবদুল গফুরকে মুখ্য বিচারিক হাকিমের খাসকামরায় যেতে দেখেছি। পরে জেনেছি, জামিন অযোগ্য মামলায় জামায়াত নেতার আগাম জামিনের জন্য তাঁরা বিচারিক হাকিমের কাছে তদবির করেন। যা রীতিমতো অনৈতিক।’ অভিযোগ স্বীকার করে ফিরোজ বলেন, ‘জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হিসেবে আমি ও সাবেক সভাপতি হিসেবে রাকিব তদবির করতে গিয়েছিলাম। পরে অবশ্য বিষয়টি কোর্টের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।’