জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সরকারবিরোধী বক্তব্যকে রাষ্ট্র ও আইনের শাসনের প্রতি ‘প্রচ্ছন্ন হুমকি’ বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি জামায়াতের এই নেতার বিরুদ্ধে দেশের প্রতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাখতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জামায়াত নেতা তাহেরের বক্তব্য প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে ‘যথাসময়ে রাষ্ট্র এবং বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে’ বলে মন্তব্য করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কামরুল ইসলাম বলেন, তাহেরের এ বক্তব্য যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্য এবং আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রীসহ অন্য কর্মকর্তাদের খুন করার পরোক্ষ হুমকি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের (জামায়াত) এ হুমকিতে আমরা ভীত নই। তার পরও যেহেতু তারা জঙ্গি সংগঠনগুলোর জন্মদাতা এবং এসব সংগঠনকে সহযোগিতা করে, সেহেতু এটি অবশ্যই হুমকিস্বরূপ।’