লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের ভাদুর ইউনিয়নের কেতুড়ি ও উত্তর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা চার বাড়ির ১১টি ঘর ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা মোটরসাইকেল বহর নিয়ে রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি এমরান হোসেনের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল সকালে কেতুড়ি বাজারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছুসহ ছয় নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার জের ধরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামগঞ্জ উপজেলার কেতুড়ি বাজারে সকাল থেকে রাস্তার ওপর জামায়াত শিবিরের নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থান নেন। তাঁরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে ও সরকারবিরোধী নানা স্লোগান দেন। এ সময় ওই রাস্তা দিয়ে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছুসহ কয়েকজন ছাত্রলীগ নেতা যাচ্ছিলেন। শিবিরের পিকেটাররা ছাত্রলীগ নেতা সৈকতকে লক্ষ্য করে টেঁটা ছোড়েন। টেঁটাটি তাঁর পিঠে বিদ্ধ হয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ-যুবলীগের নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তাঁরা ২০-৩০টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল যান। এ সময় শিবিরের কর্মীরা পালিয়ে যায়। তাঁরা কেতুড়ি ও উত্তর গ্রামের শেখ বাড়ির বাসিন্দা পৌর জামায়াতের সেক্রেটারি এমরান হোসেনের বসতঘর, মোল্লাবাড়ি, হাওলাদারবাড়ি ও বিরুন্দেরবাড়ির অন্তত আটটি ঘর, বাঁধন নামের একটি সামাজিক উন্নয়ন কেন্দ্রের অফিস ও ক্রিয়েটিভ কোচিং সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন।লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম খান সুমনের মুঠোফোনে বলেন, রামগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক এমরান হোসেনের ঘরসহ অন্তত আটটি ঘরে অতর্কিত হামলা চালিয়েছেন। ঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু বলেন, জামায়াত-শিবিরের ক্যাডাররা উপজেলার আমাকেসহ ছয়জন ছাত্রলীগের নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে। এ জন্য ক্ষুব্ধ লোকজন জামায়াত-শিবির ক্যাডারদের ধাওয়া করে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।