‘বাড়িতে আগুন দেওয়ার পর কিছুই রক্ষা করা যায়নি। পুরো বাড়ি পুড়ে গেছে। রোববার রাত থেকে পরিবারের কেউ কিছুই মুখে দিতে পারিনি। দুষ্কৃতকারীরা বাড়ির ১৫টি হাঁস-মুরগিসহ সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমরা এখন জীবিত থেকেও নেই।’ কথাগুলো কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জুয়ারিখোলা পাহাড়ি এলাকার যতীন শর্মার (৬৫)।একদল দুর্বৃত্ত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্লোগান দিয়ে চ্যাকুমনি বৌদ্ধবিহারের দিকে যাচ্ছিল। ওই সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাধা দিলে তারা জুয়ারিখোলার বৌদ্ধ ও হিন্দুপল্লিতে হামলা চালায়। যতীন শর্মা ওই হামলার শিকার ব্যক্তিদের একজন।রোববারের হামলার পর জুয়ারিখোলার পল্লিতে এখন সংখ্যালঘুদের কান্না। গতকাল সোমবার সকালে টেকনাফ উপজেলা সদর থেকে ৪২ কিলোমিটার উত্তরে হোয়াইক্যং ইউনিয়নের জুয়ারিখোলা পাহাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে ধ্বংসস্তূপ। দুষ্কৃতকারীরা বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের পাঁচজনের বাড়ি পুড়িয়ে দেয়। লুটপাট, ভাঙচুর করে পল্লির ৩২টি হিন্দু ও ১৫টি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারের বাড়িতে। মারধর করা হয় অনেককে। অগ্নিসংযোগে যতীন শর্মা ও অরুণ মল্লিকের দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আংশিক পুড়ে গেছে আরও তিনটি বসতবাড়ি।যতীন শর্মা গতকাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা এখন জীবিত থেকেও নেই। বাড়িটি আবার নির্মাণ করার সামর্থ্য আমাদের নেই। প্রতিবেশী একজনের দেওয়া জামা পরে আছি।’ঘটনার নৃশংসতা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলে সুধীর মল্লিকের মেয়ে দীপু মল্লিক (১৬)। সে জানায়, ‘ছোট ভাই রতনের নতুন বউ আনতে বাবা-মাসহ সবাই কক্সবাজারের খুরুশকুল গিয়েছিল। রোববার রাতে আমি ছিলাম বাড়িতে একা। প্রথমে হামলাকারীরা আশপাশের বাড়িতে ভাঙচুর করে। কিছুক্ষণ পর চেয়ারম্যান আনোয়ারী উপস্থিত হলে হামলাকারীরা যতীন শর্মা ও আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জামায়াত নেতা নুর আহমদ আনোয়ারীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা গাড়িচালক দিলীপ মল্লিক। তিনি বলেন, ‘চেয়ারম্যান ঘটনাস্থলে আসায় আমাদের বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও মা-বোনের ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে।’কথা হয় জুয়ারিখোলার বাসিন্দা ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে। কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী জানায়, ঘটনার পর থেকে তারা আতঙ্কে আছে। প্রাণের ভয়ে কোনো শিক্ষার্থী স্কুলেও যায়নি।অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ‘ঘটনার খবর পেয়ে কয়েকজন ইউপি সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে আমিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি। এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে, বুঝতে পারছি না।’