জামায়াত নেতার মুক্তির তদবির আ.লীগ নেতার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালে নাশকতা এড়াতে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্বাস আলী মোল্লাকে। গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই তাঁর মুক্তির তদবির নিয়ে থানায় হাজির হন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নিকবার আলী মোল্লা।পুলিশ সূত্র জানায়, হরতালে জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে গতকাল দুপুরে আব্বাস আলীকে তাঁর নিজের গ্রাম কদমতলী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারের খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় সংবাদকর্মীরা। এ সময় থানায় আসেন নিকবার আলী। তিনি ওসির কক্ষে ঢুকে জামায়াতের নেতাকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করেন।এই প্রতিনিধির সামনেই নিকবার আলী বারবার বলতে থাকেন, ‘আব্বাস আলী একজন শিক্ষক। তাঁকে গ্রেপ্তারের পর স্কুলের বাচ্চারা কান্নাকাটি করছে। তাঁকে ছেড়ে দিন। আমার সামনে তাঁকে গ্রেপ্তার করা ঠিক হয়নি।’ আব্বাস আলী আগে জামায়াত করতেন, এখন করেন না বলেও পুলিশকে বোঝানোর চেষ্টা করেন তিনি।গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘তদবির করতে কে এসেছে, তা আমার দেখার বিষয় নয়। তাঁকে গ্রেপ্তারের পর পরই রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’নিকবার মোল্লা বলেন, ‘আব্বাস আলী আমার স্কুলের একজন শিক্ষক। আমি ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি। তাঁকে গ্রেপ্তার করায় স্কুলের ছেলেমেয়েরা কান্নাকাটি করে। তাদের দিকে তাকিয়ে আমি গ্রেপ্তারের বিষয়টি সহ্য করতে পারিনি।’ গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা হয়ে কীভাবে তিনি তদবির করতে গেলেন, তা আমার বোধগম্য নয়।’