জামায়াত নেতারা থাকায় অনুষ্ঠান বর্জন পাটমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা নিকেতন নামে একটি সংগঠন গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আমন্ত্রণ জানানো হয়। বিকেলে যথারীতি মন্ত্রী এসে হাজির হন। কিন্তু অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা দেখে মন্ত্রী অনুষ্ঠান বর্জন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অনুষ্ঠানে যোগ দিতে এলে আয়োজকদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার বিষয়টি তাঁর নজরে আসে। পরে সার্কিট হাউস মিলনায়তনে এ নিয়ে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং অনিবার্য কারণবশত অনুষ্ঠানে থাকছেন না বলে আয়োজকদের জানিয়ে দেন।ওই বৈঠকে উপস্থিত স্থানীয় একাধিক দলীয় নেতা-কর্মী জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক সঙ্গী জামায়াতের নেতা এ কে এম ওয়ালীউল্যাহসহ বেশ কয়েকজন জামায়াতের নেতা এ অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ কারণে পাটমন্ত্রী অনুষ্ঠান বর্জন করেন।বৈঠক থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘পৃথিবীর সব শিডিউল কার্যকর হয় না। যাঁরা অনুষ্ঠান বাতিল করেছেন, তাঁরা জানেন কী কারণে অনুষ্ঠান বাতিল হয়েছে।’এরপর সন্ধ্যা সোয়া ছয়টায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সেবা নিকেতন’র সভাপতি মজিবুর রহমান ফকির সাংবাদিকদের বলেন, ‘বস্ত্র ও পাটমন্ত্রীর পর্যবেক্ষণে কিছু কিছু স্বাধীনতাবিরোধী ও ভিন্ন দলের লোক ছিলেন এ অনুষ্ঠানে। যাঁদের নিয়ে একসঙ্গে এ অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই তিনি না থাকার বিষয়ে অপারগতা প্রকাশ করেছেন। এ কারণেই আমরা আকস্মিকভাবে এ অনুষ্ঠান স্থগিত করেছি।’