প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি
জামায়াত নেতাসহ আটজনের চট্টগ্রামে অভিযোগ গঠন
জামায়াতের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ আটজনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে গতকাল সোমবার অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারের নির্বাহী প্রধানসহ দুজনের বিরুদ্ধে কটূক্তি ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আগামী ১৪ নভেম্বর এই মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন আদালত। আদালত সূত্র জানায়, মামলার অন্য সাত আসামি হলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন, ভাসানী ন্যাপের সভাপতি শেখ আনোয়ারুল হক, জামায়াতের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব এ টি এম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম।আদালত সূত্র জানায়, রেজাউল করিম এই মামলায় কারাগারে আছেন। গতকাল তাঁর জামিন নামঞ্জুর হয়। আর অন্য সাতজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, আসামিরা জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার মাধ্যমে জনগণকে রাগান্বিত করে উসকে দেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে খাটো করে বক্তব্য দেন। এ কারণে আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।২০১০ সালের ২৮ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করা হবে বলে শিবিরের নেতা রেজাউল করিম হুমকি দেন। ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার খবরটি পরদিন ২৯ অক্টোবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব বাদী হয়ে গত বছরের ২ নভেম্বর আদালতে একটি মামলা করেন। শিবিরের সাবেক নেতা রেজাউল করিম প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আপনি ক্ষমতা ছাড়ুন। আপনার জন্য পিলখানা হত্যাকাণ্ড, পল্টন হত্যাকাণ্ড অপেক্ষা করছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল, আপনি বুঝবেন। এক মাঘে শীত যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আপনাদের বিচার করা হবে।’