ব্রাহ্মণবাড়িয়ায় তিন সাংবাদিকসহ পাঁচজনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ওই চারজনকে আদালতে নেওয়া হয়। এ সময় সাংবাদিকদের পক্ষে জেলার প্রায় ৩০ জন আইনজীবী স্বতঃস্ফূর্তভাবে আসামিদের জামিনের বিরোধিতা করেন। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফাতেমা বেগম আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইল এলাকার মডেল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও জেলা জামায়াতের রুকন ফরিদ উদ্দিন আহমেদ (৫০), হাসপাতালের কর্মচারী কবির হোসেন (৩৫), তারিকুল ইসলাম (২২) ও আরিফুল ইসলাম। গত মঙ্গলবার বিকেলে মডেল জেনারেল হাসপাতালে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন, দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হূদয়, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক সুমন নূরসহ পাঁচজনকে হাসপাতালে আটকে বেধড়ক মারধর করা হয়।হামলার প্রতিবাদ: সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে মানববন্ধন করেন। হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, সরাইল, নাসিরনগর ও নবীনগর, কিশোরগঞ্জ, ভৈরব, কটিয়াদী ও নরসিংদীর সাংবাদিকেরা। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহাদৎকে দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেনসহ জেলার সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা। তাঁরা হামলার তীব্র নিন্দা ও দায়ী ব্যক্তিদের শাস্তি এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, একটি ক্লিনিকে সাংবাদিক পরিচয় পাওয়ার পর যেভাবে হামলা-নির্যাতন করা হয়েছে, তা সভ্য সমাজে কাম্য নয়। এ কারণেই আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকদের পক্ষে আইনি লড়াই করেছেন। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি মো. আবদুর রব বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।